গোপনীয়তা নীতি
শেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৬
অভীক্ষা কী কী তথ্য রাখে, কোথায় রাখে, আর কীভাবে মুছবেন — পুরোটা এই পাতায়। বিজ্ঞাপনের কোনো ট্র্যাকার নেই।
লগইন না করলে কী হয়
ক্লাস, বই, অধ্যায় আর প্রশ্ন বাছাই — সবই চলে আপনার ব্রাউজারে। বাছাইটা আপনার ফোনের ভেতরেই (localStorage) জমা থাকে। প্রশ্নপত্র ধাপে পৌঁছালে ক্লাস, বই আর প্রতি প্রশ্নপত্রের একটা এলোমেলো কোড সার্ভারে যায়, শুধু ফ্রি প্রশ্নপত্র গোনার জন্য — আপনার বাছাই করা প্রশ্ন বা লেখা কিছুই যায় না। লগইন করতে হয় সেভ করার সময়, তার আগে নয়।
প্রশ্নব্যাংক অ্যাপের সঙ্গেই আসে, তাই প্রশ্ন দেখতে বা প্রশ্নপত্র সাজাতে আমাদের সার্ভারে কোনো অনুরোধই যায় না। ব্রাউজারের ডেটা মুছলে খসড়াও মুছে যায় — আমাদের কাছে তার কপি নেই।
অ্যাকাউন্ট খুললে কী জমা হয়
লগইন শুধু Google দিয়ে — কোনো পাসওয়ার্ড আমরা নিই না, রাখিও না। নিচের তালিকাটাই পুরো তালিকা।
লগইন করা থাকলে প্রশ্নপত্র ধাপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খসড়াটা আপনার অ্যাকাউন্টে সেভ হতে শুরু করে — সেভ বা প্রিন্ট বোতাম চাপার আগেই।
- Google থেকে যা আসে
- আপনার নাম, ইমেইল ঠিকানা আর প্রোফাইল ছবির লিংক। ছবিটা Google-এর সার্ভার থেকেই দেখানো হয়, আমরা কপি রাখি না।
- আপনি যা লেখেন
- প্রতিষ্ঠানের নাম আর ঠিকানা — এগুলো প্রশ্নপত্রের মাথায় ছাপা হয়। অ্যাকাউন্ট পাতা থেকে যখন খুশি বদলাতে পারেন।
- সংরক্ষিত প্রশ্নপত্র
- পরীক্ষার নাম, সময়, শ্রেণি, বই, কোন প্রশ্নগুলো বেছেছেন তার আইডি, আপনার করা সম্পাদনা, প্রশ্নসংখ্যা, মোট নম্বর আর তারিখ।
- লগইন সেশন
- সেশন টোকেন, মেয়াদ, যে IP ঠিকানা থেকে লগইন হয়েছে আর ব্রাউজারের পরিচয় (ইউজার এজেন্ট)। সেশন ৭ দিন টেকে।
- ফ্রি প্রশ্নপত্রের হিসাব
- এ মাসে কোন খসড়াগুলো গোনা হয়েছে তার নিশানা — প্রশ্নের বিষয়বস্তু নয়, শুধু প্রতি প্রশ্নপত্রের একটা কোড আর মাসের নাম।
- উত্তর যাচাইয়ের রিপোর্ট
- উত্তরপত্রে কোনো উত্তরকে ঠিক বা ভুল বললে সেটি আপনার আইডির সঙ্গে জমা থাকে — আপনার রায়, প্রস্তাবিত উত্তর আর নোট। এই রেকর্ড মুছে ফেলা হয় না, কারণ দুজনের মত আলাদা হলে কে কী বলেছিলেন তা দেখা দরকার।
- প্ল্যান
- “free” বা “pro” — এখন সবাই free, কারণ কোনো পেমেন্ট চালুই নেই।
আপনার ব্রাউজারে যা থাকে
- খসড়া প্রশ্নপত্র — বাছাই করা প্রশ্ন, আপনার সম্পাদনা আর পরীক্ষার তথ্য (draft:… কীগুলো)।
- ইন্টারফেসের ভাষা (ui:lang)।
- প্রথম কবে অ্যাপটি খুলেছেন তার সময় (a:first_touch) — প্রথম প্রশ্নপত্র কত দ্রুত তৈরি হয় সেটা মাপতে।
- অফলাইনে চলার জন্য সার্ভিস ওয়ার্কারের ক্যাশ — যেসব পাতা, বইয়ের ছবি আর ফাইল আপনি একবার খুলেছেন।
- স্ক্যান ব্যবহার করলে লেখা-পড়ার ভাষা-ফাইল ব্রাউজারের IndexedDB-তে জমা থাকে, যেন পরেরবার আবার নামাতে না হয়।
এর সবই আপনার ডিভাইসের জিনিস। ব্রাউজারের সাইট ডেটা মুছলেই সব চলে যায়।
অ্যানালিটিক্স
অ্যানালিটিক্সের চাবি (key) দেওয়া না থাকলে কিছুই পাঠানো হয় না — কোডটা তখন নিঃশব্দ থাকে। চালু থাকলে PostHog-এ শুধু ব্যবহারের ধাপ যায়।
- যা যায়: পাতা দেখা, বোতামে চাপ, প্রশ্নপত্র দেখা ও প্রিন্ট করা, ফ্রি সীমা শেষ হওয়া, লগইনের অনুরোধ দেখানো, প্রো-তে আগ্রহ, উত্তরপত্র দেখা ও প্রিন্ট।
- সঙ্গে যায় শ্রেণি, বইয়ের কোড, প্রশ্নসংখ্যা আর নম্বর। প্রশ্নের লেখা, উত্তর, প্রতিষ্ঠানের নাম বা প্রশ্নপত্রের বিষয়বস্তু কখনো যায় না।
- লগইন করা থাকলে আপনার ভেতরের আইডি (একটা এলোমেলো স্ট্রিং) পাঠানো হয় — নাম বা ইমেইল নয়।
- পাতা কত দ্রুত লোড হলো, তার কয়েকটি মাপ (যেমন LCP, CLS) — ধীর ফোনে অ্যাপটা কেমন চলে তা বোঝার জন্য। এতে ব্যক্তিগত কোনো তথ্য থাকে না।
- যেসব বোতামে আপনি চাপ দেন, সেগুলোর লেখা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয় না — অ্যাপের কোডে হাতে লেখা কয়েকটি ঘটনার নামই কেবল যায়।
- সেশন রেকর্ডিং: অ্যাপে আপনি কোথায় গেলেন, কোথায় চাপ দিলেন আর কোথায় আটকে গেলেন — তার একটি রেকর্ডিং রাখা হয়, যাতে বোঝা যায় কোন জায়গাটা কঠিন লাগছে। পর্দার সব লেখা ঢাকা থাকে: প্রশ্ন, উত্তর, প্রতিষ্ঠানের নাম বা আপনার টাইপ করা কিছুই রেকর্ডিংয়ে পড়া যায় না — কেবল পাতার কাঠামো আর আপনার চলাচল দেখা যায়।
ক্যামেরা ও স্ক্যান
স্ক্যান আপনার ফোনের নিজের ক্যামেরা অ্যাপ খোলে, তারপর ছবিটা ব্রাউজারেই পরিষ্কার করা হয় আর ব্রাউজারেই পড়া হয়। ছবি কোথাও আপলোড হয় না — এর জন্য কোনো সার্ভার ঠিকানাই এখনো নেই।
সাইটের হেডারেই ক্যামেরা, মাইক্রোফোন আর লোকেশনের ব্রাউজার-অনুমতি বন্ধ করা আছে। ভবিষ্যতে সার্ভারে ছবি পাঠিয়ে প্রশ্ন তোলার ব্যবস্থা এলে তার আগে এই পাতা বদলাবে।
তথ্য কোথায় থাকে
- ডেটাবেজ: Turso — হোস্ট করা SQLite (libSQL)।
- অ্যাপ হোস্টিং: Vercel।
- লগইন: Google।
- অ্যানালিটিক্স: PostHog — কেবল চালু থাকলে।
এই সেবাগুলোর সার্ভার বাংলাদেশের বাইরে, তাই তথ্য দেশের বাইরে যায়। অভীক্ষা কোনো তথ্য বিক্রি করে না, বিজ্ঞাপনদাতার সঙ্গেও ভাগ করে না।
কতদিন থাকে, কীভাবে মুছবেন
- সংরক্ষিত প্রশ্নপত্র থাকে যতদিন আপনি না মোছেন — হোম পাতার কার্ড থেকেই মোছা যায়।
- লগআউট করলে সেই সেশনটি বাতিল হয়।
- পুরো অ্যাকাউন্ট মুছে ফেলার বোতাম এখনো নেই — সত্যি কথাটা এটাই। ইমেইল করলে আমরা অ্যাকাউন্ট, তার প্রশ্নপত্র, রিপোর্ট আর সেশন মুছে দিই।
- ফ্রি প্রশ্নপত্রের হিসাবের সারি মাসভিত্তিক, আর লগইনের আগের সারিটা লগইনের সময়ই মুছে যায়।
শিক্ষার্থীর তথ্য
অভীক্ষা শিক্ষকের জন্য। কোনো শিক্ষার্থীর নাম, রোল, নম্বর বা ফলাফল আমরা চাই না, রাখিও না। প্রশ্নপত্রে থাকে প্রশ্ন আর প্রতিষ্ঠানের নাম — শিক্ষার্থীর কোনো তথ্য নয়।
নিরাপত্তা
- পুরো সাইট HTTPS-এ চলে।
- লগইন আর গোনার কুকি — দুটোই httpOnly, পাতার জাভাস্ক্রিপ্ট এগুলো পড়তে পারে না।
- উত্তরমালা শুধু সার্ভারে থাকে; ব্রাউজারে পাঠানো ফাইলে কোনো উত্তর থাকে না, আর একটি টেস্ট প্রতিবার সেটা যাচাই করে।
- কোনো কার্ড বা বিকাশের তথ্য নেওয়া হয় না — চেকআউটই নেই।
যুক্তিসঙ্গত সাবধানতা নেওয়া হয়, তবে কোনো সিস্টেমের শতভাগ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া যায় না।
এই নীতি বদলালে
বদল হলে উপরের তারিখটা বদলাবে। বড় কোনো বদল — যেমন সার্ভারে ছবি পাঠানো বা পেমেন্ট চালু হওয়া — তার আগে এই পাতা হালনাগাদ হবে।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে বা তথ্য মুছে ফেলতে চাইলে ইমেইল করুন। কী লিখবেন তা যোগাযোগের পাতায় লেখা আছে।
hi@rzamann.com
ইমেইল করুন